Friday, June 12, 2026

তিন দেশ থেকে আসছে পাঁচ কার্গো এলএনজি


সংগৃহীত :
দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক বাজার থেকে আরও পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাজ্য, সিঙ্গাপুর ও সুইজারল্যান্ড থেকে এই এলএনজি আনা হবে। কমিটির বৈঠকে নীলফামারী ও হবিগঞ্জে ৫৩টি বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ওয়াকওয়ে ও খাল উন্নয়ন প্রকল্প সম্পর্কিত প্রস্তাব অনুমোদন হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের জন্য রেকার কেনার আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা কমানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বৈঠক দুটি অনুষ্ঠিত হয়।  
জানা গেছে, হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় পাঁচ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে সুইজারল্যান্ড থেকে দুই কার্গো মিলবে জিটুজি পদ্ধতিতে। আর তিন কার্গো মিলবে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায়। এই তিন কার্গো এলএনজির জন্য খরচ হবে দুই হাজার ৩৭২ কোটি টাকা।
এর আগের সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় দক্ষিণ কোরিয়ার পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে দুই কার্গো এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন মেলে। এর জন্য খরচ ধরা হয় দুই হাজার ৩৩০ কোটি টাকা। তার আগে গত ৭ মে স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ভাইটল এশিয়া, বিপি সিঙ্গাপুর এবং গানভর সিঙ্গাপুর থেকে কেনা তিন কার্গোর জন্য মোট ব্যয় ধরা হয় দুই হাজার ১৮৬ কোটি টাকা।
একই বৈঠকে খাদ্যশস্য সংরক্ষণের জন্য ৫০ কেজি ধারণক্ষমতার এক কোটি নতুন কাট সাইজ বি-টুইল বস্তা কেনার অনুমোদন দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাবের আওতায় ব্যয় হবে ১২৬ কোটি ২৫ লাখ টাকা। উন্মুক্ত দরপত্রের মাধ্যমে নির্বাচিত ১৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে এসব বস্তা সংগ্রহ করা হবে। প্রতি বস্তার গড় মূল্য ধরা হয়েছে ১২৬ টাকা ২৫ পয়সা।
অন্যদিকে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় নীলফামারী ও হবিগঞ্জ জেলায় মোট ৫৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়-কাম-বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের দুটি প্রস্তাব অনুমোদন পেয়েছে। এতে মোট ব্যয় হবে ৪২৩ কোটি ৩৯ লাখ টাকা।
এর মধ্যে নীলফামারীতে ২৬টি বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ১৮৬ কোটি ৪৮ লাখ টাকা। যৌথভাবে বিডিই লিমিটেড ও ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড কাজটি বাস্তবায়ন করবে। হবিগঞ্জে ২৭টি বিদ্যালয়-কাম-আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় হবে ২৩৬ কোটি ৯০ লাখ টাকা। এ প্রকল্প বাস্তবায়ন করবে ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং (প্রাইভেট) লিমিটেড ও মেসার্স মমিনুল হক। বন্যাপ্রবণ এলাকায় শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি দুর্যোগের সময় নিরাপদ আশ্রয় নিশ্চিত করাই প্রকল্পটির মূল লক্ষ্য।
বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) আওতায় চট্টগ্রামের মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ঘাট ও ওয়াকওয়ে নির্মাণসহ খাল উন্নয়ন এবং লাইনিং কাজের প্রস্তাবও অনুমোদন হয়েছে। এ কাজে ব্যয় হবে ১০৮ কোটি টাকা। দরপত্র প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেডকে কাজটি দেওয়া হয়েছে। প্রকল্পের আওতায় প্রায় ৪ দশমিক ৯ কিলোমিটার খালের দুই পাশে স্লোপ প্রটেকশন, চলাচলের রাস্তা এবং দুটি ঘাট নির্মাণ করা হবে।
এ ছাড়া অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি বাংলাদেশ পুলিশের জন্য ৩০ টন ক্ষমতাসম্পন্ন একটি রেকার কেনার আন্তর্জাতিক দরপত্রের সময়সীমা ৪২ দিন থেকে কমিয়ে ২১ দিন করার নীতিগত অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্টরা জানান, মহাসড়কে দুর্ঘটনাকবলিত ও বিকল যানবাহন দ্রুত উদ্ধারের জন্য রেকারটি জরুরি ভিত্তিতে সংগ্রহ করা প্রয়োজন। চলতি অর্থবছরের মধ্যেই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকায় দরপত্রের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রিসভা কমিটির অনুমোদন
তিন কার্গো এলএনজির আমদানিতে ব্যয় হবে ২,৩৭২ কোটি টাকা, বাকি দুই কার্গো জিটুজি পদ্ধতিতে
৪২৩ কোটি টাকা ব্যয়ে নীলফামারী-হবিগঞ্জে হবে ৫৩টি বিদ্যালয়-আশ্রয়কেন্দ্র
মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ওয়াকওয়ে নির্মাণে ব্যয় হবে ১০৯ কোটি টাকা

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like