Tuesday, September 1, 2026

হবিগঞ্জে চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ গ্রন্থের মোড়ক উন্মোচন


আবাসন নিউজ ডেস্ক: দীর্ঘ ৪৮ বছরের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, স্মৃতি, সংগ্রাম এবং সমাজের নানা বাস্তবতার প্রতিচ্ছবি নিয়ে সাংবাদিক ও লেখক চিন্ময় আচার্য-এর গ্রন্থ স্মৃতির পথে ৪৮ বছর’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থটি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের একটি মূল্যবান দলিল হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, এতে ব্যক্তি ও সমাজজীবনের নানা ঘটনা, মানুষের প্রতি বিশ্বাস, নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, সংগ্রাম এবং বাস্তবতার চিত্র অত্যন্ত আন্তরিকভাবে উঠে এসেছে।

রোববার (২৩ আগস্ট) রাতে পদক্ষেপ হবিগঞ্জ-এর আয়োজনে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদক্ষেপের সভাপতি তোফাজ্জল সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক নাসরিন হক। গ্রন্থ থেকে পাঠ করেন কুমকুম চৌধুরী ও পারমিতা টিয়া। সাংবাদিক চিন্ময় আচার্যের জীবন ও কর্মের ওপর লেখা জীবনী পাঠ করেন নওরিন শশী।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, গ্রন্থ লেখক এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সরকারি মহিলা কলেজের অব: অধ্যক্ষ অধ্যাপক জাহান আরা খাতুন, বিশিষ্ট শিশু চিকিৎসক ডা. মো. জমির আলী, শচীন্দ্র কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফরাশ শরীফী, প্রতিদিনের বাণী সম্পাদক মো. শাবান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জগদীশ মোদক ও কবি তাহমিনা বেগম গিনি।

 

আলোচনা পর্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন  সাংবাদিক রুহুল হাসান শরীফ, টিপু চৌধুরী , নৃত্যশিল্পী জেসমিন এ কে চৌধুরী, কলেজ শিক্ষক শামীমা বেগম, অ্যাডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, অব: বাংক কর্মকর্তা মো. আব্দুল্লাহ, নাট্য সংগঠক বাবুল মল্লিক, নাট্যকর্মী আজহারুল ইসলাম মুরাদ, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক এম এ ওয়াহেদ, পারভীন আক্তার, স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ তাহমিদসহ অনেকে।

 

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়; একজন সাংবাদিক তাঁর সময়, সমাজ ও মানুষের জীবনকে প্রত্যক্ষ করেন এবং সেই অভিজ্ঞতাকে ইতিহাসের অংশ হিসেবে তুলে ধরেন। চিন্ময় আচার্যের দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের প্রতিফলন ঘটেছে স্মৃতির পথে ৪৮ বছরগ্রন্থে। তাঁর লেখায় উঠে এসেছে মানুষের প্রতি গভীর আস্থা, প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম, নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং সময়ের বাস্তব চিত্র।

বক্তারা আরও বলেন, চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে চিন্ময় আচার্য সমাজের নানা পরিবর্তন, মানুষের জীবনসংগ্রাম এবং সময়ের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কাছ থেকে দেখেছেন। দেশে অবস্থানকালীন তাঁর ৪৮ বছরের জীবন ও কর্মের নানা অভিজ্ঞতা বইটির পাতায় স্থান পেয়েছে। ফলে গ্রন্থটি শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং একটি সময় ও সমাজেরও দলিল হয়ে উঠেছে।

অনুষ্ঠানে অতিথিরা আনুষ্ঠানিকভাবে স্মৃতির পথে ৪৮ বছরগ্রন্থের মোড়ক উন্মোচন করেন। এ সময় লেখক চিন্ময় আচার্যের দীর্ঘ কর্মজীবন, সাংবাদিকতার প্রতি তাঁর নিষ্ঠা এবং লেখনী শক্তির প্রশংসা করেন উপস্থিত অতিথিরা।

 

আবৃত্তি ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। পদক্ষেপ আবৃত্তি পরিষদ-এর শিল্পীরা আবৃত্তি পরিবেশন করেন। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শারমিন ঋতু। আবৃত্তি অনুষ্টানে অংশগ্রহণ করে নওরীন শশী, জেরিন, ঋতু, চুমকি, পারমিতা, ইশরা, দেবার্ঘ্য, মোক্তাদির সোহেল, কুমকুম চৌধুরী, নাসরিন হক প্রমুখ। 

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like