Tuesday, July 28, 2026

উপজেলা পরিষদ এমপি অফিসঃ বিকেন্দ্রীকরণ না কেন্দ্রীয় নিয়ন্ত্রণ?


আবাসন নিউজ ডেস্ক- অদ্য ২৮ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:৩০ এ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) উদ্যোগে “উপজেলা পরিষদ এমপি অফিসঃ বিকেন্দ্রীকরণ না কেন্দ্রীয় নিয়ন্ত্রণ?” শীর্ষক একটি সংবাদ সম্মেলন, ঢাকাস্থ প্ল্যানার্স টাওয়ারের বিআইপি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মু. মোসেলহ উদ্দীন হাসান, পিএইচডি এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান।

মূল প্রবন্ধে বিআইপি’র সহ-সভাপতি-১ পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান বলেন, আমাদের অবস্থান স্পষ্ট- আমরা ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নই; বরং জাতির সামনে রাষ্ট্রের কাঠামো, স্থানীয় শাসন এবং গণতন্ত্রের মান সংক্রান্ত একটি নীতিগত প্রশ্ন উত্থাপন করছি। তিনি উল্লেখ করেন, নগর, আঞ্চলিক ও গ্রামীণ উন্নয়ন পরিকল্পনা মূলত স্থানীয় বাস্তবতার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। অধিকাংশ উন্নয়ন কার্যক্রম স্থানীয় পর্যায়েই বাস্তবায়িত হয়; তাই পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ যদি কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন থাকে, তবে তা কার্যকর ফলাফল দিতে ব্যর্থ হয় এবং অনেক ক্ষেত্রে পরিকল্পনা কাগজেই সীমাবদ্ধ থেকে যায়।

চলমান সংসদ অধিবেশনে উত্থাপিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ স্থাপনের সরকারি উদ্যোগের প্রসঙ্গে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে আমরা দেখতে পাই সংসদ সদস্যদের উন্নয়ন কার্যক্রমে প্রত্যক্ষ সম্পৃক্ততা বৃদ্ধি পাওয়ায় আইনসভা ও নির্বাহী বিভাগের মধ্যে সীমারেখা অস্পষ্ট হয়ে ওঠে। এর ফলে জবাবদিহিতা দুর্বল হওয়ার পাশাপাশি প্রশাসনিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে এবং স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়। তিনি আরও বলেন, ভিন্ন রাজনৈতিক দলের যেমন, সরকারদলীয় উপজেলা চেয়ারম্যান ও বিরোধীদলীয় সংসদ সদস্য বা বিরোধীদলীয় উপজেলা চেয়ারম্যান ও সরকারদলীয় সংসদ সদস্য উপস্থিতিতে স্থানীয় শাসন ব্যবস্থায় “দ্বৈত নেতৃত্ব” পরিস্থিতি তৈরি হতে পারে, যা উন্নয়ন কার্যক্রমে সমন্বয়হীনতা, বিলম্ব ও দ্বন্দ্ব সৃষ্টি করে এবং বঞ্চিত হন সাধারণ জনগণ। তবে শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো ও সাংবিধানিক সীমারেখা অনুসরণ করা হলে এই অবস্থান কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করতেও সহায়ক হতে পারে।

তিনি জানান, একজন সংসদ সদস্যের মূল কাজ আইন প্রণয়ন করা, অন্যদিকে স্থানীয় সরকারের কাজ হচ্ছে উন্নয়নমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেয়া – এই দুয়ের স্পষ্টত সীমারেখা থাকা জরুরি। বর্তমান বাস্তবতায় উপজেলা পর্যায়ে পেশাজীবী পরিকল্পনাবিদ নিয়োগ করার মাধ্যমে উপজেলা পরিষদের কাঠামোকে সুদৃঢ় করা সম্ভব। কারণ উপজেলা পর্যায়ে সমন্বিত ও বৈজ্ঞানিক পরিকল্পনার অভাবই উন্নয়নের প্রধান বাধা। একজন পেশাজীবী পরিকল্পনাবিদের মাধ্যমে ভূমি ব্যবহার, অবকাঠামো, পরিবেশ ও নগর-গ্রাম সংযোগকে সমন্বিত কাঠামোর মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেন।

বিআইপি’র সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ অধ্যাপক মুঃ মোসেলহ উদ্দীন হাসান, পিএইচডি তার সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে উপজেলা, জেলা ও পৌরপরিষদের দায়িত্ব ও কার্যপরিধি সম্পর্কে সবার স্পষ্ট ধারণা থাকা জরুরি। তিনি বলেন, নিরাপদ নগর, ফুটপাত সংকট, মানসম্মত গণপরিবহন, জলাবদ্ধতা ও অপরিকল্পিত উন্নয়নসহ স্থানীয় সমস্যাগুলোর সমাধান স্থানীয় সরকারের কার্যকর ভূমিকার ওপর নির্ভরশীল। তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে আরও ক্ষমতায়নের আহ্বান জানান এবং বিভাগীয় পর্যায়ে “লোকাল পার্লামেন্ট” গঠনের প্রস্তাব দেন, যেখানে বিভাগের সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা সমন্বিতভাবে সমস্যা ও সমাধান উপস্থাপন করতে পারবেন। এছাড়া পরিকল্পিত উন্নয়ন নিশ্চিতে প্রতিটি উপজেলা পর্যায়ে একজন পেশাজীবী পরিকল্পনাবিদ নিয়োগের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও জানান, এমন প্রশ্ন আমরা প্রতিনিয়তই করি, যে আমাদের নগর ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নত দেশের নগরব্যবস্থার ন্যায় কেন হয় না। কিন্তু আমরা ভুলে যাই, এই প্রতিটি উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বগুলো স্থানীয় সরকারের উপর ন্যস্ত। একটি প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান এর মাঝে একটি ক্ষমতার টানাপোড়ন লক্ষ করা যায়, এখন উপজেলা পরিষদে এমপির কার্যালয় স্থাপন করা হলে এই সংকট আরও বৃদ্ধি পাবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) এর সুপারিশমালাঃ

উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ বা এমপি অফিস স্থাপন বিষয়ক:
১. এমপির অফিস থাকতে পারে - কিন্তু স্থানীয় সরকারের ভেতরে নয়।
২. প্রয়োজনে এমপিদের জন্য স্বতন্ত্র কনস্টিটিউয়েন্সি অফিস (উপজেলা/জেলা পর্যায়ে) স্থাপন করা যেতে পারে – তবে প্রাথমিকভাবে ভার্চুয়াল প্ল্যাটফর্ম স্থাপন করা যেতে পারে। এমপির ভূমিকা নীতিনির্ধারণ ও নজরদারিতে সীমাবদ্ধ রাখা নিশ্চিত করতে হবে। স্থানীয় সরকারের ওপর কেন্দ্রীয় বা রাজনৈতিক প্রভাব প্রাতিষ্ঠানিকীকরণ না করা।
৩. স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় এমপির সরাসরি সিদ্ধান্তগ্রহণ ভূমিকায় না থাকা।
৪. এমপি - উপজেলা চেয়ারম্যান - প্রশাসনের মধ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় কাঠামো (formal coordination mechanism) তৈরি।
৫. এমপিদের জন্য নির্দিষ্ট জনসেবা প্ল্যাটফর্ম (public hearing system) চালু করা।

শক্তিশালী ও কার্যকর উপজেলা পরিষদ গঠন এবং পরিকল্পিত উন্নয়ন বিষয়ক:
১. অবিলম্বে স্থানীয় পরিষদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জন প্রতিনিধিদের নেতৃত্বে উপজেলার পরিচালনা নিশ্চিত করা।
২. উপজেলা পরিষদকে প্রকৃত স্থানীয় শাসন কর্তৃপক্ষ হিসেবে প্রতিষ্ঠা এবং সিদ্ধান্ত গ্রহণে উপজেলা পরিষদের পূর্ণ ক্ষমতা নিশ্চিত করা।
৩. উপজেলা পর্যায়ে পেশাদার পরিকল্পনাবিদ নিয়োগ।
৪. উপজেলা সমন্বিত স্থানিক (Spatial) পরিকল্পনা বাধ্যতামূলক করা এবং সে মোতাবেক সকল উন্নয়ন কর্মসূচী গ্রহণ করা।
৫. দেশের প্রতিটি ইঞ্চি ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার জন্যে উপজেলা সমন্বিত স্থানিক (Spatial) পরিকল্পনার আওতায় ভূমি ব্যবহার পরিকল্পনা এবং সে মোতাবেক ইমারত নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করা।
৬. উপজেলা পরিকল্পনাকে জেলা ও জাতীয় পরিকল্পনার সাথে সংযুক্ত করা এবং সারাদেশকে বিআইপি প্রস্তাবিত তিন স্তরভিত্তিক পরিকল্পনা ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা।
৭. উপজেলা পরিষদের স্বতন্ত্র বাজেট ও আর্থিক স্বায়ত্তশাসন নিশ্চিত করা, স্থানীয় পর্যায়ে রাজস্ব আহরণের ক্ষমতা বৃদ্ধি।
৮. কেন্দ্রীয় প্রশাসনিক নিয়ন্ত্রণ হ্রাস, ইউএনও’র ভূমিকা সমন্বয়ে সীমাবদ্ধ রাখা।
৯. নাগরিক অংশগ্রহণ ও জবাবদিহিতা ব্যবস্থা চালু করা।
১০. রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহার গুলোতে স্থানীয় সরকার বিষয়ক অংশগুলোকে একীভূতকরণ।
১১. স্থানীয় সরকার কমিশন ২০২৫ এর রিপোর্ট পুনঃমূল্যায়নের জন্যে একটা সর্বদলীয় Parliamentary কমিটি গঠন এবং এই কমিটিতে পরিকল্পনাবিদসহ বিভিন্ন পেশাজীবী এবং বিষয়ভিত্তিক এক্সপার্ট অন্তর্ভুক্ত করা এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নের জন্যে প্রয়োজনীয় নীতি বাস্তবায়নের কার্যকরী উদ্যোগ গ্রহণ করা।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like