- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ ডেস্ক : গত ১১ মার্চ ২০২৬ (বুধবার) বিকালে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি-এর সাথে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)-এর ১৭তম কার্যনির্বাহী পরিষদের প্রতিনিধিদলের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে মাননীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়; ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক); পরিকল্পনাবিদ মোঃ মাহমুদ আলী, পরিচালক (অতিরিক্ত সচিব), নগর উন্নয়ন অধিদপ্তর (ইউডিডি); পরিকল্পনাবিদ মোঃ আশরাফুল ইসলাম, প্রধান নগর পরিকল্পনাবিদ, রাজউক; এবং পরিকল্পনাবিদ মাকসুদ হাসেম, উপ-পরিচালক (গবেষণা ও সমন্বয়), নগর উন্নয়ন অধিদপ্তর।
বিআইপি’র প্রতিনিধি দলে কার্যনির্বাহী পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সহ-সভাপতি (২) পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ কাজী সালমান হোসেন এবং কোষাধ্যক্ষ পরিকল্পনাবিদ আবু ছালেহ মোঃ শহীদুল্লাহ।
সভার শুরুতে বিআইপি’র সভাপতি মাননীয় মন্ত্রীকে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি সংক্ষেপে বিআইপি’র কর্মপরিধি, দেশে পরিকল্পিত নগরায়ন নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নে বিআইপি’র ভূমিকার বিষয়টি তুলে ধরেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান—যেমন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রাজউকসহ অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষের সাথে বিআইপি’র চলমান কর্মকাণ্ডের সারসংক্ষেপ উপস্থাপন করেন। একই সঙ্গে তিনি “স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ, ২০২৫” কে আইনে রূপান্তরের জন্য মাননীয় মন্ত্রীর প্রতি অনুরোধ জানান। পরিশেষে তিনি দেশের বিভিন্ন পর্যায়ে পরিকল্পনাবিদদের পদায়ন এবং সংখ্যা বৃদ্ধি, এবং টেকসই উন্নয়নে পরিকল্পনাবিদদের যথাযথ মূল্যায়নের বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরেন।
আলোচনার এক পর্যায়ে জানানো হয় যে, ঢাকা মহানগরের জন্য ২০০-এর অধিক পরিকল্পনাবিদ প্রয়োজন হলেও বর্তমানে মাত্র ৩৬ জন পরিকল্পনাবিদ কর্মরত আছেন। এ প্রেক্ষিতে মাননীয় মন্ত্রী পরিকল্পনাবিদদের পদায়নে কার্যকর ভূমিকা গ্রহণে বিআইপি’কে আশ্বাস প্রদান করেন।
এছাড়াও মাননীয় মন্ত্রী স্থানিক পরিকল্পনা অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং পরিকল্পিত ঢাকা গড়ে তুলতে ড্যাপ বাস্তবায়নে বিআইপি’র সহযোগিতা কামনা করেন। পরবর্তী সাক্ষাতে পরিকল্পিত নগরায়নের জন্য প্রয়োজনীয় করণীয় বিষয়সমূহ নিয়ে একটি উপস্থাপনা প্রদানের জন্যও তিনি বিআইপি’কে অনুরোধ জানান। জবাবে বিআইপি’র সভাপতি মন্ত্রী মহোদয়কে বিআইপি’র পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাতের শেষে বিআইপি’র পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর নিকট একটি শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।