- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ ডেস্ক: সিটি ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকে গত বছরের একই প্রান্তিকের নিট মুনাফায় ১৬২ শতাংশ বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে। ব্যাংকের কর-পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে ২৪১ কোটি টাকা। ২০২৫ সালের প্রথম প্রান্তিকে যা ছিল ৯২ কোটি টাকা। একই সঙ্গে শেয়ারপ্রতি আয় বেড়ে ০.৬ টাকা থেকে ১.৬ টাকায় উন্নীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম প্রান্তিকের এই শক্তিশালী আর্থিক অবস্থার পেছনে মূলত এ ব্যাংকের কোর ব্যাংকিং আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ভূমিকা রেখেছে। ঋণ থেকে সুদ আয় ১৪ শতাংশ বেড়েছে। এটি ১ হাজার ১৪৩ কোটি টাকা থেকে বেড়ে ১ হাজার ৩০৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিনিয়োগ আয়ও উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬০৩ কোটি টাকা থেকে ১ হাজার ১৪ কোটি টাকায় পৌঁছেছে, যা মোট পরিচালক আয়ের ৩২ শতাংশ। একই সময়ে বৈদেশিক মুদ্রা বিনিময় আয়, কার্ড-সংক্রান্ত ফি এবং ট্রেড কমিশন বাড়ার ফলে ফি ও কমিশন আয় ২৭ শতাংশ বেড়েছে।