- by Super Admin
- Mar 12, 2026
আবাসন নিউজ ডেস্ক:
বাংলাদেশের প্রথম ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল তিন ব্যক্তি ও ৩২ প্রতিষ্ঠান। পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসনে (ইএসজি) অবদানের স্বীকৃতি হিসেবে তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। গত শনিবার ইউএন গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ ও ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং স্বপ্ন সুপার শপের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো– এনভয় টেক্সটাইলস, কিউ কালেকশন, উর্মি গ্রুপ, মাসকো গ্রুপ, ফকির ফ্যাশন, ভিনটেজ ডেনিম, পালমাল গ্রুপ, এনার্জিপ্যাক ফ্যাশনস, ক্ল্যাসিকাল হ্যান্ডমেড প্রোডাক্টস, গ্রামীণফোন, রবি আজিয়াটা, বাংলালিংক, বিকাশ, এসিআই লজিস্টিকস (স্বপ্ন), কোকা-কোলা বাংলাদেশ, বাটা বাংলাদেশ, রেকিট বেনকিজার, সিটি ব্যাংক, আইপিডিসি ফাইন্যান্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, বিএসআরএম গ্রুপ, ওয়ালটন হাই-টেক, বার্জার পেইন্টস, লাফার্জহোলসিম বাংলাদেশ, ডিবিএল সিরামিকস, আকিজ গ্রুপ, ডাচ্-বাংলা প্যাক, র্যানকন ইনফ্রাস্ট্রাকচারস, নূতন বিদ্যুৎ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ল্যাবএইড ক্যান্সার হসপিটাল এবং সিনজেনটা বাংলাদেশ।
চ্যাম্পিয়নিং ক্লাইমেট অ্যাকশন অ্যাওয়ার্ড পেয়েছেন ঊর্মি গ্রুপের পরিচালক শামারুখ ফখরুদ্দীন, র্যানকন ইনফ্রাস্ট্রাকচারস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা মো. সুবাইল বিন আলম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক এসএম মাহবুবুল আলম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট ২০টি বিভাগে জ্বালানি রূপান্তর, পানি ব্যবস্থাপনা, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ, কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তা, শ্রমিক কল্যাণ, দক্ষতা উন্নয়ন, লিঙ্গসমতা, সরবরাহ ব্যবস্থাপনা, টেকসই প্রতিবেদন, পণ্য ও ডিজিটাল উদ্ভাবন ইত্যাদিতে অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।
গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিটা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশন, ডেনমার্ক ও সুইডেনের দূতাবাস এবং অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধিরা।