Tuesday, July 28, 2026

ময়মনসিংহে সরকারি ভবনে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ জোরদারের দাবি


আবাসন নিউজ ডেস্ক : ময়মনসিংহ, ১২ মে: সরকারি ভবনগুলোতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ (রুফটপ সোলার) ব্যবস্থা স্থাপনের উদ্যোগ জোরদারের দাবি জানিয়েছে পরিবেশ ও নাগরিক সমাজের সংগঠনগুলো। আগামী পাঁচ বছরের মধ্যে ৫ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের জাতীয় লক্ষ্য অর্জনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
 
আজ সোমবার ময়মনসিংহে অন্যচিত্র ফাউন্ডেশন, ক্লিন (কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যাকশন নেটওয়ার্ক) এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিডব্লিউজিইডি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক প্রচারাভিযান ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে এ দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়।
 
কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, অন্যদিকে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরশীলতাও হ্রাস পাবে। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
 
অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে আগামী তিন মাসের মধ্যে রুফটপ সোলার ব্যবস্থা স্থাপনের নির্দেশনা দিয়েছে, যা সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ। তিনি বলেন, জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জলবায়ু সংকটের প্রেক্ষাপটে সৌরবিদ্যুতের সম্প্রসারণ এখন শুধু পরিবেশগত নয়, অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ।
 
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট (এফইডি), ময়মনসিংহের সম্পাদক খায়রুল আলম তুহিন বলেন, জ্বালানি সংকট ও আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরশীলতা দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করছে। সরকারি ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদন করা গেলে জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে, বিদ্যুৎ ব্যয় হ্রাস পাবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তিনি আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ টেকসই উন্নয়ন ও জলবায়ু অভিযোজনের লক্ষ্য অর্জনেও সহায়ক হবে।
 
পরিবেশ ও সামাজিক আন্দোলনকর্মী ইমন সরকার বলেন, রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণ স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। সৌরপ্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠান, স্থাপনকারী কোম্পানি, রক্ষণাবেক্ষণ সেবাদাতা এবং সংশ্লিষ্ট যন্ত্রপাতি সরবরাহকারীদের জন্য নতুন বাজার সৃষ্টি হবে, যা সবুজ অর্থনীতি গড়ে তুলতে সহায়তা করবে।
 
বক্তারা বলেন, দেশের বিভিন্ন সরকারি ভবন, স্কুল-কলেজ, হাসপাতাল ও প্রশাসনিক স্থাপনার বিশাল অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করেছে। এসব স্থানের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বিকেন্দ্রীভূত বিদ্যুৎ উৎপাদন বাড়বে এবং সঞ্চালন ক্ষতিও কমানো সম্ভব হবে। বিশেষ করে গ্রীষ্মকালে বিদ্যুতের বাড়তি চাহিদার সময় রুফটপ সোলার নির্ভরযোগ্য সহায়ক জ্বালানি উৎস হিসেবে কাজ করতে পারে।
 
এ সময় বক্তারা নেট মিটারিং ব্যবস্থা আরও সহজ ও ব্যবহারবান্ধব করার দাবি জানান, যাতে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যায়। পাশাপাশি প্রশাসনিক সহায়তা বৃদ্ধি ও নীতিগত প্রণোদনা দেওয়ার আহ্বান জানানো হয়।
 
ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, ময়মনসিংহের চেয়ারম্যান সেলিমা বেগম বলেন, এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ আঞ্চলিকভাবে একটি উদাহরণ তৈরি করতে পারবে। তিনি বলেন, পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই জ্বালানি ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

Super Admin

Super Admin

Please Login to comment in the post!

you may also like