- by Super Admin
- Mar 19, 2026
আবাসন নিউজ প্রতিবেদক: আবাসন বিষয়ক মাসিক পত্রিকা আবাসন নিউজ এর আয়োজনে ৮ এপ্রিল, ২০২৬ বুধবার সকালে ঢাকার সোবহানবাগ গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে ‘ভূমিকম্প পূর্ব ও পরবর্তি প্রস্তুতি : এখনই আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সহ আয়োজক ছিল ডেফোডিল বিশ্ববিদ্যালয় রিয়েল এস্টেট ডিপার্টমেন্ট ও বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) ।
ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব রিয়েল এস্টেট এর চেয়ারম্যান ড. আমির আহমেদ এর সভাপতিত্বে মুল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব প্লানিং এন্ড ডেভেলপমেন্ট (আইপিডি)’র সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মাদ খান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মূখপাত্র এবং আয়োজক প্রতিষ্ঠান আবাসন নিউজ এর সম্পাদক ও প্রকাশক ইবনুল সাঈদ রানা।
গোলটেবিল বৈঠকে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানারস, অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, চেয়ারম্যান, বায়ুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস), পরিকল্পনাবিদ সালমা এ শফি, উপদেষ্টা, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানিং, জেন্ডার ও মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ, এনভায়রনমেন্ট প্রটেকশন ফোরাম (ইপিএফ) এর চেয়ারম্যান তাহমিনা রহমান, শেকৃবি’র ডিপার্টমেন্ট অব ফিসারিজ এর এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আলী, বাংলাদেশ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক সিকিউরিটি ইকুইপমেন্ট এসোসিয়েশন (ইসাব) এর সাবেক সভাপতি এবং বিটিসিএল এর পরিচালক জনাব মো. মোতাহার হোসেন, রাজউক এর চীফ ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম সুমন, আতাহারুল ইসলাম ডিজাইন কনসালটেন্ট, ফজল মুকিম খান ডিউক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( NDF), আবু জোবায়ের , ম্যানেজিং ডাইরেক্টর, সাসটেইনেবল রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেড, সাবেক উপ সচিব তপন কুমার নাথ, প্রবীণ তারুণ্য বাংলাদেশ সিনিয়র সভাপতি, সিনিয়র সিটিজেন এর প্রচার সম্পাদক মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, প্রাণ প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির ইয়াকুব আলী ফকির এবং এনডিএফ এর সমন্বয়কারী জনাব নাহিদ আলী প্রমুখ।
বিআইপি সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আজকের আলোচ্য বিষয়ে আমাদের অনেক করণীয় রয়েছে। সংশ্লিষ্ট সকল দপ্তরের দায়িত্বশীল আচরণ ছাড়া ভূমিকম্প বা যেকোন দুর্যোগ মোকাবলে করা দুরহ হয়ে পড়বে।
অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, উন্নত দেশ যেমন জাপান ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় হালকা ওজনের এবং বৈজ্ঞানিক নকশার ভবন নির্মাণে গুরুত্ব দেয়। কিন্তু বাংলাদেশে পরিকল্পনাহীনভাবে ভারী ও ঝুঁকিপূর্ণ স্থাপনা নির্মাণ করা হচ্ছে, যেখানে বিল্ডিং কোডের যথাযথ অনুসরণ এবং আইনের কার্যকর প্রয়োগ অনুপস্থিত।
পরিকল্পনাবিদ সালমা এ শফি, উপদেষ্টা বলেন, ভূমিকম্প মোকাবিলায় আগাম প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাজধানী ঢাকায় খোলা ও নিরাপদ স্থানের অভাব মারাত্মক ঝুঁকি তৈরি করেছে ভূমিকম্প অনুভূত হলেও মানুষ কোথায় আশ্রয় নেবে তা অনিশ্চিত।
এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন তাহমিনা রাহমান বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে হারে ভুমিকম্প হচ্ছে তা নিয়ে আমাদের এখনই ভাবার সময় এসেছে। আমি একজন নারী হিসেবে জীবনের অনেক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি, কিন্তু নেপালের সেই ভয়াবহ ভূমিকম্পের মুহূর্তগুলো আজও আমাকে তাড়া করে ফেরে। সেদিন সবকিছু ছিল একদম স্বাভাবিক। চারপাশে মানুষের ব্যস্ততা, পর্যটকদের হাসি, পাহাড়ি শহরের শান্ত পরিবেশ—কেউ কল্পনাও করতে পারেনি কয়েক সেকেন্ডের মধ্যে সব বদলে যাবে। হঠাৎ মাটি যেন গর্জন করে উঠল। ভবনগুলো কাঁপতে শুরু করল, মানুষ আতঙ্কে দৌড়াতে লাগল। আমি বুঝতেই পারছিলাম না কোথায় যাব, কী করব। চারদিকে শুধু চিৎকার, কান্না আর ধুলায় ঢাকা আকাশ।মুহূর্তের মধ্যে সুন্দর শহরটি ধ্বংসস্তূপে পরিণত হলো।
শের ই বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়,ডিপার্টমেন্ট অব ফিসারিজ এর এসোসিয়েট প্রফেসর মোহাম্মদ আলী বলেন, যে সাধারণ মানুষের মধ্যে ভূমিকম্প পূর্ব এবং পরবর্তীর প্রস্তুতি করনীয় মেসেজ পৌছাতে হবে। এ জন্য সামাজিক ও পরিবেশ সংগঠন গুলো বড় দায়িত্ব নিতে পারে।
বাংলাদেশ ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক সিকিউরিটি ইকুইপমেন্ট এসোসিয়েশন ইসাব এর সাবেক সভাপতি এবং BTCL এর পরিচালক জনাব মো. মোতাহার হোসেন বলেন যে কোন দূর্যোগে কি করা উচিত তার প্রস্তুতি শিক্ষাপ্রতিষ্টান থেকে শুরু করে সকল স্থরে প্রচার প্রচারনা থাকা দরকার।
রাজউক এর চীফ ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম সুমন বলেন, আমরা নীতিমালা করি, অনেক বিষয় এখনো নতুন করে সংযুক্ত করতে হচ্ছে। আজকের আয়োজনের সুপারিশমালা সরকারের প্রতিটা নীতি নির্ধারনী মহলে পৌছানো দরকার। রাজউক আপনাদের সাথে ভূমিকম্প সচেতনতা এবং প্রয়োজনীয় সুপারিশকৃত করণীয় বাস্তবায়নে আপনাদের সাথে থাকবে।